হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার আন্তর্জাতিক বিস্তারে এক অনন্য আয়োজন হিসেবে আগামী ২৬ ও ২৭ জুলাই নিউইয়র্কের রকল্যান্ড কাউন্টির থ্রিফোল্ড কমিউনিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে Bengali International Literary Society (BILS)-এর তৃতীয় বার্ষিক “রকল্যান্ড রিট্রিট অ্যান্ড বুক ফেয়ার”। এ উপলক্ষে গত ১৩ জুলাই রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা।
এবারের মেলার থিম নির্ধারিত হয়েছে “পিঠা”—বাংলা সাহিত্যে ও সংস্কৃতিতে পিঠার রূপ, রস ও তাৎপর্যকে ঘিরেই সাজানো হয়েছে দুই দিনব্যাপী অনুষ্ঠানসূচি। উৎসবের সূচনা হবে ২৫ জুলাই শুক্রবার স্বেচ্ছাসেবক ও অনুদানদাতাদের জন্য আয়োজিত এক বিশেষ সংবর্ধনা ও নৈশভোজের মাধ্যমে। ২৬ জুলাই শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে মূল আয়োজন। থাকছে জ্ঞান মেলা, প্রাকৃতিক পরিবেশে ফিটনেস ও স্ট্রেচিং সেশন, যোগাভ্যাস, মৌচাষের অভিজ্ঞতা, খামার পরিদর্শন ও সাঁতারের সুযোগ। বিকেল ৩টা থেকে শুরু হবে সাহিত্য ও সংস্কৃতি উৎসব। এতে বক্তব্য রাখবেন সংগঠনের সভাপতি ড. ধনঞ্জয় সাহা এবং দাস ফ্যামিলি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শান্তনু দাস। উপস্থিত থাকবেন অনুবাদ সাহিত্যিক ক্যারোলিন রাইট, বিদ্যা মুরালিধর, লিজি রহমান, দিলারা হাফিজসহ সাহিত্য ও শিল্পজগতের বিশিষ্টজনেরা। অংশ নেবেন রকল্যান্ড পোয়েটস এবং এন্ডেভার ২১+ গ্রুপের অটিস্টিক তরুণ-তরুণীরা, যারা পরিবেশন করবেন নিজেদের লেখা, সংগীত ও শিল্পকর্ম।
অনুষ্ঠানে থাকছে থ্রিফোল্ড দর্শনের খাদ্যভাবনা, পিঠা বিষয়ক আলোচনা, আর্ট থেরাপি, কবিতা পাঠ, ছোটগল্প উপস্থাপন, স্থানীয় লেখকদের বই ও হস্তশিল্প প্রদর্শনী এবং বহুভাষিক কবিতা পাঠ, যেখানে পরিবেশিত হবে বাংলা, ইংরেজি, পোলিশ ও স্প্যানিশ ভাষায় কবিতা। সন্ধ্যার পর পরিবেশনায় থাকবে গান, নৃত্য, কবিতা, শ্রুতি-নাটক এবং মুক্ত মঞ্চে অংশগ্রহণের সুযোগ।
২৭ জুলাই রোববার সকাল ৯টায় শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। লেখালেখি ও প্রকাশনা বিষয়ক আলোচনায় অংশ নেবেন ড. হাওয়ার্ড র্যাঙ্কিন ও রকল্যান্ডের কবি লরেট জুয়ান পাবলো মোবিলি। নজরুল বিষয়ক সেশনে যুক্ত হবেন স্টিফেন ওয়াটস ও ডেভিড লি মর্গান। শিশুদের জন্য থাকবে সৃজনশীল লেখালেখির সেশন ও প্রতিযোগিতা। উপস্থিত থাকবেন লেখালেখির কোচ জেসিকা জুয়েল, ফকির ইলিয়াস, বনি মুখার্জি সহ বহু প্রবাসী ও আন্তর্জাতিক লেখকগণ। থাকছে এন্ডেভার ২১+ ও মিউজিক ফর লাইফ-এর তরুণ-তরুণীদের পরিবেশনা। দুপুরের পর নতুন বই পরিচিতি, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঘরোয়া বারবিকিউ পার্টির মাধ্যমে শেষ হবে এবারের সাহিত্য উৎসব।
১৩ জুলাইয়ের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক লাবলু আনসার, সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাংবাদিক সনজীবন সরকার, ডিবিসি টিভির ইউএসএ সম্পাদক কানু দত্ত, মীম টিভির সম্পাদক সুজন আহমদ, প্রথম আলো সাংবাদিক তোফাজ্জল লিটন, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, দি সাউথ এশিয়ান টাইমস পত্রিকার সম্পাদক দীপক আচার্য, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক অজিত ভৌমিক, বাঙালীয়ানা টিভির সম্পাদক সাগর লোহানী এবং প্রজ্ঞা পত্রিকার চিফ ফটোগ্রাফার ও সাংবাদিক তাপস সাহা।
সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও, সাধারণ সম্পাদক কল্লোল দাশ, উদীচী জামাইকা শাখার সাধারণ সম্পাদক হিরো চৌধুরী, শিল্পকলা একাডেমি ইউএসএ-এর সভাপতি মনিকা রায় চৌধুরী, কমিউনিটির নেতা ও কলামিস্ট সুব্রত তালুকদার, কলামিস্ট ড. রফিকুল ইসলাম, খোরশেদ আলম খান, হেনা বেগম, হাফিজুর রহমান, কাজী মোস্তফা, মোল্লা মনিরুজ্জামান, অপরাজিতা চৌধুরী ও ইসরাত বোখারীসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উত্তম কুমার সাহা ও বনানী সিনহা।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন আবৃত্তিকার ও সাংবাদিক তাপস সাহা, কণ্ঠশিল্পী ও নারী উদ্যোক্তা গোপা পাল মুক্তা, কলামিস্ট ড. রফিকুল ইসলাম, সাংবাদিক ও আবৃত্তিকার সনজীবন সরকার, লেখক বনানী সিনহা ও সুমা রোজারিও। সংগীত পরিবেশন করেন রুনা রায়, লোকসংগীত শিল্পী শাহীন হোসেন এবং সম্মিলিতভাবে গান পরিবেশন করেন মনিকা রায় চৌধুরী, রুনা রায়, শাহীন হোসেন, গোপা পাল মুক্তা ও সুমা রোজারিও।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি ধনঞ্জয় সাহা ও উপদেষ্টা ডা. অনিমিতা সাহা উপস্থিত সাংবাদিক ও অতিথিদের শুভেচ্ছা জানান এবং উৎসবের বিষয়বস্তু ও উদ্দেশ্য তুলে ধরেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব শেষে ধনঞ্জয় সাহা সবাইকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানান এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।