প্রবাস মেলা ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর আয়ারল্যান্ডে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য সুসংবাদ নিয়ে এলো ‘বাংলা প্রেসক্লাব আয়ারল্যান্ড’-এর নতুন কার্যকরী কমিটি। সম্প্রতি ডাবলিনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে গঠিত হয় দশ সদস্যের এই কমিটি। এতে সভাপতি নির্বাচিত হন ইত্তেফাক প্রতিনিধি জাহিদ মোমিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সময় টেলিভিশনের সৈয়দ জুয়েল।
কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি আব্দুর রহিম ভূঁইয়া (আইরিশ বাংলা টাইমস), সহ-সাধারণ সম্পাদক সেলিম আলম (এনটিভি), সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম সবুজ (বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (আইরিশ বাংলা পোস্ট), কোষাধ্যক্ষ ওমর ফারুক নিউটন (আইরিশ বাংলা টাইমস), দপ্তর সম্পাদক কবির আহমেদ (আইরিশ বাংলা টাইমস), ক্রীড়া সম্পাদক মানিক মনিরুজ্জামান (ডাবলিন বাংলা বার্তা) এবং সদস্য এ.কে. হাসান (আই অন টিভি)।
সভায় বাংলা প্রেসক্লাবের লক্ষ্য, গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো এবং নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সাংবাদিক ও ক্রীড়া ও সামাজিক ব্যক্তিত্ব শহিদুল ইসলাম রনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা টিভির আয়ারল্যান্ড ব্যুরো প্রধান মাহিদুল ইসলাম সবুজ।
সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আয়ারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নবগঠিত কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, যাঁরা কমিটি গঠনের বিভিন্ন পর্যায়ে সহায়তা ও সহযোগিতা করেছেন।