জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: পূর্ব লন্ডনের গুডমেইস পার্কে আগামী ৩০ আগস্ট, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাব (LBPC) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে দুপুর ১২টায় শুরু হবে।
টুর্নামেন্ট উপলক্ষে গত ২০ আগস্ট, বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে আয়োজকরা জানান, এবারের আসরে চারটি দল অংশ নেবে। দলগুলো হলো—চ্যানেল এস, এলবি২৪, অনলাইন ওয়ারিয়র্স এবং BBTN & CWMedia।
আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা ও সার্বিক গেম ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে রমফোর্ড রাইডার্স। প্রতিযোগিতায় শুধুমাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরাই খেলোয়াড় হিসেবে অংশগ্রহণের সুযোগ পাবেন।
টুর্নামেন্টকে ঘিরে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নিজেদের দলের প্রতিনিধিত্ব করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ট্রফির পাশাপাশি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। চার দলের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।