হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে আশরাফ মাসুদ: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে চার দিনব্যাপী (৭ এপ্রিল থেকে ১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট ২০২৫’-এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তানভীর আলী। শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হকের পরিচালনায় এ অধিবেশনে একটি উচ্চ পর্যায়ের প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজাম্মেল এবং আইসিটি সচিব ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান শীশ হায়দার চৌধুরী।
এছাড়া নতুন ও উদ্ভাবনী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে মূলধন সহায়তা পাবে শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলো। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর স্টার্টআপ কানেক্ট সেশনের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান গভর্নর।
চারদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী দিনে “Empowering Innovation Connecting Opportunity” শিরোনামের সেশনে দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা অংশ নেন।
মূল প্রবন্ধে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় উদ্যোক্তা তানভীর আলী বলেন, “বাংলাদেশের তরুণ জনসংখ্যা বিশাল সম্ভাবনার উৎস। দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে স্টার্টআপের চাহিদা বাড়ছে, যদিও এখনো এই খাতে বিনিয়োগ তুলনামূলকভাবে কম।”
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, “নতুন উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে সরকারি প্রক্রিয়ার জটিলতা। ট্রেড লাইসেন্স নবায়নসহ অনেক লালফিতার বাধায় ভোগান্তির শিকার হন উদ্যোক্তারা।”
বিডার চেয়ারম্যান বলেন, “দেশে উদ্ভাবনী শক্তির অভাব নেই, কিন্তু তহবিলের অভাবে অনেক তরুণই তাদের উদ্যোগ শুরু করতে পারেন না। এই সমস্যা সমাধানে এই বিশেষ তহবিল সহায়ক হবে।”
অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বার্তা দেন লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা। প্যানেল আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।
সভার আয়োজকরা জানান, ৪০ দেশের ৫০০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী এই সম্মেলনে অংশ নিচ্ছেন। তাদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরিয়ে দেখানো হবে বলে জানানো হয়।