প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেনারেল ম্যানেজার নুরুল আজম পবন এর সাথে সম্প্রতি এক সৌজন্য সাক্ষাত করেছেন ‘প্রবাস মেলা’ পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ। সাক্ষাৎকারের এক পর্যায়ে মামুন ইমতিয়াজ বিটিভি’র জিএম নুরুল আজম পবনের হাতে সৌজন্যস্বরূপ ‘প্রবাস মেলা’ পত্রিকার একটি কপি তুলে দেন।
এই সাক্ষাৎকারে প্রবাসীদের জীবনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা এবং বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশের উন্নয়নে প্রেরণের গুরুত্বপূর্ণ ভূমিকাসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে নুরুল আজম পবন এই সৌজন্য কপি গ্রহণ করে তার অনুভূতি প্রকাশ করেন এবং প্রবাসীদের জন্য ভালো কাজ করার এবং তাদের অবদান সমাজে তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “প্রবাসীরা দেশের জন্য অমূল্য সম্পদ এবং তাদের সংগ্রাম ও সাফল্য কেবল তাদের নয় বরং আমাদের সকলের জন্য প্রেরণার উৎস। আমি ‘প্রবাস মেলা’ পত্রিকার কাজকে সবসময় সমর্থন জানাই এবং তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই।”
উল্লেখ্য, একমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভি, যা দীর্ঘ ছয় দশক ধরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, খবর এবং বিনোদন পরিবেশন করে আসছে। বিটিভিতে চাকরির পাশাপাশি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও ৪ দলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর ‘নিউজ বিট’ উপস্থাপনা করতেন নুরুল আজম পবন। তিনি বিটিভি অফিসার্স ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিটিভির নতুন দিগন্ত উন্মোচনে দর্শকদের উন্নত-পেশাদার সংবাদ এবং বিনোদন প্রদান করার জন্য নানা রকম সৃজনশীল কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।
তার দীর্ঘ কর্মজীবনে তিনি টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। নুরুল আজম পবন একজন পরিশ্রমী টেলিভিশন ব্যক্তিত্ব। তাঁর কাজের মাধ্যমে বিটিভির স্বর্ণালী ঐতিহ্য ফিরে পাক এবং ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় জেন-জি’দের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বিটিভি যেন ফ্যাসিস্টবিরোধী একটি শক্তিশালী মাধ্যম হয়, এমনটাই প্রত্যাশা সব মিডিয়া সংশ্লিষ্টদের।