আবু মুসা চৌধুরী:
ওরা ফুল ও শিশুদের ঘৃণা করে
ওরা নিধন ভালোবাসে;
ওদের প্রেমিকার নাম- মুদ্রা
ওদের ধর্মের নাম- মুনাফা।
ফুলের পাপড়িগুলো একটি একটি ছিঁড়ে নেওয়া
হবে। পাতাগুলো কুচি কুচি করেই
ওদের উল্লাস। বৃক্ষের শরীরে করাত। সবুজের
বুকে থোক থোক রক্ত
এখন কেবল বন পোড়ানোর পার্বণ
এখন গ্রাম গ্রাস করার মরসুম
বলাই ও জগদীশচন্দ্রের কান্নায় মথিত
চরাচর।
এরপর বৃক্ষের বুকের উপর বুলডোজার
পাখির পাঁজরে স্টিমরোলার;
নীপবনে, ছায়াতলে এখন পিচাশের হাসি।
দোয়েলের শিস নেই
পিক-পাপিয়ার কূজনও হারিয়ে গেছে। এই, এখন
একটু পরেই ছ্যাঁদা করা হবে মূলত ওদের
হৃদপিণ্ড;
বস্তুত, সুন্দর কাঁদে
এখন সমূহ সুন্দরের সর্বনাশ
আমার সমস্ত শহর এখন
পরিত্যক্ত ধ্বস্ত ইটখোলা।