প্রবাস মেলা ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে চোখের পরীক্ষা ও চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর মঙ্গলবার রাতে তাকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে তার রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়েছিল। পরে হাসপাতালে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে তাকে।
ওই সূত্রের ভাষ্য, ‘তার রক্তচাপজনিত কিছু সমস্যা ছিল। গত রাতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাকে আবার কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
এদিকে ইমরান খানের আইনজীবীরা দাবি করেছেন, কারাগারে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তার ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে এ কারণে উদ্বেগ বাড়ছে।
গত আগস্টের পর এবারই প্রথম চিকিৎসার জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়ার ঘটনা জানা গেল। আগস্টেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
২০২২ সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয়। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা বেশ কয়েকটি মামলার আপিল এখনো বিচারাধীন। তবে ইমরান বরাবরই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। পাকিস্তান সরকার অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এদিকে ইমরান খানের আইনি দল ও তার স্ত্রীকে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের একটি আদালত। ইমরানের আইনি দল এ তথ্য জানিয়েছে।
সূত্র: রয়টার্স