প্রবাস মেলা ডেস্ক: ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত ও লাল সবুজের পতাকা খচিত শাড়িতে বিজয়ের ফ্যশনে মডেল হলেন ১৩৫ টি দেশ ভ্রমণকারী বাংলাদেশি পতাকা কন্যা নাজমুন নাহার।
বিজয়ের মাসকে কেন্দ্র করে অফ হোয়াইট রংয়ের উপর লাল সবুজের পতাকা খচিত শাড়িটির ডিজাইন করেছেন বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক ও ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার।
নাজমুন নাহার গত ১৯ বছর ধরে বাংলাদেশের লাল-সবুজের পতাকা হাতে পৃথিবীর ১৩৫টি দেশে ভ্রমণ করেছেন। ২০২১ সালের মধ্যে তিনি জাতিসংঘের অন্তর্ভুক্ত পৃথিবীর সবগুলো দেশে ভ্রমণ শেষ করতে চান।
লিপি খন্দকার জানান, নাজমুন নাহার বাংলাদেশের পতাকা হাতে নিজের দেশকে সর্বোচ্চ উচ্চতায় তুলে ধরছেন, সকল বাধা বিঘ্ন অতিক্রম করে প্রমাণ করছেন যে কোন নারী চাইলে তার ইচ্ছেকে প্রতিষ্ঠা করতে পারেন। নাজমুন নাহার নিজের স্বপ্নকে প্রতিষ্ঠা করছেন পুরো পৃথিবী ভ্রমণের মাধ্যমে, সঙ্গে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের পতাকা, বাংলাদেশের গৌরব।
এ বিষয়ে নাজমুন বলেন, নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যমে বিবিয়ানা দেশিয় পোশাকের ভান্ডারকে সমৃদ্ধ করেছে। বিবিয়ানার বিজয়ের ফ্যাশনে মডেল হতে পেরে আমি খুবই আনন্দিত।