শেখ মহিতুর রহমান বাবলু, লন্ডন, যুক্তরাজ্য: লন্ডনে স্মৃতিসৌধ না থাকায় আজ ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে স্থানীয় আলতাব আলী পার্কের শহীদ বেদিতে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর খুলনা সমিতি ইউকে সহ লন্ডনের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন। শ্রদ্ধার পাশাপাশি তারা শহীদদের উদ্দেশ্যে নিবেদন করেন পুষ্পাঞ্জলি। কৃতজ্ঞচিত্তে বেদনায় শিক্ত হৃদয়ে স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। বৃহত্তর খুলনা সমিতি ইউকে’র পক্ষ থেকে এসময় সেখানে উপস্থিত ছিলেন এমদাদুল হক চঞ্চল, নাহিদ নেওয়াজ রানা, মাকসুদ আহমেদ সুমন, কাইয়ুম হোসেন স্বপন, তুহিন মোল্লা, মো: অজগর প্রমুখ।
এমদাদুল হক চঞ্চল বলেন আজ মহান বিজয় দিবস। বাংলাদেশিদের সবচেয়ে বড় অর্জনের দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রভাতি সূর্যের আলোয় ঝলমলিয়ে উঠেছিল বাংলার রক্তস্নাত শিশির ভেজা মাটি। অবসান হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর ২৩ বছরের নির্বিচার শোষণ, বঞ্চনা আর নির্যাতনের কালো অধ্যায়। ৯ মাসের যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণের মাধ্যমে সূচিত হয়েছিল এই মাহেন্দ্রক্ষণ। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ড। তিনি বলেন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চাইতে রক্ষা করা আরো কঠিন। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এই সাবেক আইনজীবী।