সিউল, দক্ষিণ কোরিয়া: সাম্প্রতিককালে আর্থ সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে এবং দক্ষিণ কোরিয়াও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশে বর্তমানে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনি এদেশে বাংলাদেশের রপ্তানিও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কোরিয় ব্যবসায়ীদের বাংলাদেশ সম্পর্কে আরও অধিকতর ধারণা দেয়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন সভা, সেমিনার, মেলা আয়োজনের ধারাবাহিক কার্যক্রমের আওতায় ১৯ সেপ্টেম্বর ২০১৯ দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম শহর দায়েগু (Daegu) এর দায়েগু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে ‘Development Journey of Bangladesh’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, দায়েগু সিটি হচ্ছে দক্ষিণ কোরিয়ার টেক্সটাইল শিল্পের প্রধান কেন্দ্রস্থল। প্রায় ৫,৮০০ এর মতো ছোট বড় কোম্পানী Daegu Chamber of Commerce and Industry’র সদস্য।

উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন দায়েগু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস চেয়ারম্যান জনাব লি জে- কুইং (Mr. Lee, Jae-kyung) । প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম।
কোরিয়ার বিভিন্ন কোম্পানীর মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ২০ (বিশ) জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
সেমিনারের শুরুতে মান্যবর রাষ্ট্রদূত আবিদা ইসলাম বিগত ১০ বছরের আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশী বিনিয়োগকারীদের জন্য প্রদত্ত সুযোগ সুবিধার প্রসঙ্গ উল্লেখ করে কোরিয়ার ব্যবসায়ীদের এ সুযোগ গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত অর্থনৈতিক জোনে বিনিয়োগে এগিয়ে আসার অনুরোধ জানান।
দায়েগু চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস চেয়ারম্যান লি জে- কুইং, তাঁর বক্তব্যে বাংলাদেশ সম্পর্কে তাঁর ধারণা তুলে ধরে বাংলাদেশের ব্যবসায় সুযোগ গ্রহণের জন্য কোরিয়া ব্যবসায়ীদের আগ্রহের কথা তুলে ধরেন। পরবর্তীতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জনাব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রদত্ত সুযোগ সুবিধা সহ সাম্প্রতিক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।
সেমিনারে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক একটি ডকুমেন্টারীও প্রদর্শন করা হয়। সেমিনারে পরবর্তী অংশে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত কোরিয়া ব্যবসায়ীবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের এবং ব্যবসা বান্ধব অবকাঠামোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। “Development Journey of Bangladesh” শীর্ষক সেমিনার দায়েগু শহরের ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট উৎসাহের সৃষ্টি করে যা উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করবে বলে আশা করা যায়।