প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। রমজান মাসে শুটিংয়ে তেমন ব্যস্ততা না থাকলেও মাঝেমধ্যে সমিতির কাজে অংশ নিচ্ছেন। অন্যদিকে অসুস্থ মায়ের সেবাযত্ন করছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার সবচেয়ে আপন মানুষ হলেন মা। রমজানে এমনিতেও কাজ তেমন রাখিনি। আর মা অসুস্থ হওয়ার পর তাকেই সময় দিচ্ছি বেশি। হাসপাতালে ভর্তি করার পর থেকে টেনশনে আছি। সবাই দোয়া করবেন মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’ কেয়ার পাঁচটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। ছবিগুলো হলো- ‘ইয়েস ম্যাডাম’, ‘কথা দিলাম’, ‘সীমানা’, ‘বনলতা’ এবং ‘মোনাফিক’। এর মধ্যে ‘কথা দিলাম’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব। এতে কেয়ার নায়ক জামশেদ নামে নতুন এক অভিনেতা।
মুক্তি প্রতিক্ষিত সিনেমাগুলোয়ও বিভিন্ন রূপে দেখা মিলবে কেয়ার। এই নায়িকা বলেন, ‘আসলে একই ধরনের চরিত্রে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি না। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করাটা উপভোগ করি। এ ছবিগুলোও তেমন। আর এ কারণেই এগুলো নিয়ে আশাবাদী আমি।’ সিনেমার বাইরে ওয়েব মাধ্যমেও কাজ করেছেন কেয়া। ভালো প্রস্তাব পেলে আবারও ওয়েবে কাজ করবেন বলে জানান তিনি। বলেন, ‘ওয়েব মাধ্যমেও এখন ভালো কাজ হচ্ছে। আমি একটি ওয়েব ফিল্মে কাজ করেছি। ওয়েবে কাজের প্রস্তাব আরও রয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে আবার ওয়েবে কাজ করব। এ ছাড়া নাটকে অভিনয়ের কথাও চলছে। যদি ভালো গল্প ও চরিত্র পাই তবে ঈদেও টিভি পর্দায় দেখার সম্ভাবনা আছে।’