রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষ্যে জর্ডানের বন্দরনগরী আকাবায় প্রথমবারের মত এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। জর্ডানে এই ধরণের আয়োজন এই প্রথম। জর্ডানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, প্রবাসী বাংলাদেশী ও আকাবায় কর্মরত শ্রমিকদের প্রানবন্ত অংশগ্রহনে বিশাল মঙ্গল শোভাযাত্রাটি আকাবার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহনকারি বাংলাদেশী নারী পুরুষ সকলে বর্নাঢ্য দেশীয় পোশাকে সজ্জিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। অন্যান্যদের সাথে প্রায় শতাধিক পোশাক শ্রমিক ব্যানার ও সুদৃশ্য প্ল্যাকার্ড হাতে বাংলা নতুন বছরকে স্বাগত জানায়। এই শোভাযাত্রা জর্ডানস্থ প্রবাসী বাংলাদেশী ও কর্মরত শ্রমিকদের মধ্যে প্রাণচাঞল্যের সৃষ্টি করে। তাঁরা জর্ডানে বাংলাদেশী চিরায়ত এই ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার জন্য দূতাবাসের এই প্রয়াসকে সাধুবাদ জানান।

মঙ্গল শোভাযাত্রা শেষে মান্যবর রাষ্ট্রদূত তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলা নববর্ষের উদযাপন আমাদের চিরায়ত বাঙ্গালী ঐতিহ্যের একটি অন্যতম অনুসঙ্গ। কয়েক দশকের পরিক্রমায় মঙ্গল শোভাযাত্রা আমাদের নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক হয়ে উঠেছে। জাতি ধর্ম নির্বিশেষে এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারন করা আমাদের সকলের দায়িত্ব।
উল্লেখ্য, জর্ডানের মত মধ্যপ্রাচ্যের একটি দেশে এবারই প্রথম এত বৃহৎ পরিসরে বাঙালি সংস্কৃতিকে তুলে ধরতে দূতাবাস মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। প্রায় দুই বছর কোভিড জনিত বিধিনিষেধ শিথিলের পর দূতাবাস ব্যাপক পরিসরে এই ধরণের জনসমাগম মূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা শুরু করেছে। এধরনের আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা দূতাবাসের রয়েছে।