প্রবাস মেলা ডেস্ক: ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওয়াহিদুল হক মিলনায়তনে সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে ‘জয় মৃত্যুঞ্জয়ের জয়’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথের কবিতা, গান ও তাঁকে নিয়ে আলোচনার এক বিমুগ্ধ সন্ধ্যার অবতারণা এই অনুষ্ঠান।
কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর আবৃত্তি, আলোচনা ও গানের মাধ্যমে অনুষ্ঠানটি এগিয়ে চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুর রবীন্দ্রনাথ নিয়ে নাতিদীর্ঘ আলোচনা করেন।
তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ‘১৪০০ সাল’ কবিতাটি লিখেছিলেন একশত বছর আগে। একশত বছর পরে কি হতে পারে তা তিনি লিখে গিয়েছিলেন। তেমনি তাঁর অন্যান্য লেখাগুলো এখনও আমাদের সময়ের কথা বলে। মানুষের জীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বিরহ, সংগ্রাম সকল বিষয়ে তিনি লিখে গেছেন। যা আজও মনে হয় আমাদের নিজেরই কথা।
সাধ্য অঝরার গানের পাশাপাশি রইস উল ইসলাম আবৃত্তি করেন ‘জন্মান্তর’; মোস্তফা কামাল আবৃত্তি করেন ‘সূচী’; আহমাদুল হাসান হাসনু আবৃত্তি করেন ‘ভালো-মন্দ’; ইলা রহমান ও নুরুজ্জামান নান্নু আবৃত্তি করেন ‘কর্ণকুন্তি সংবাদ’ এবং অনন্যা গোস্বামী আবৃত্তি করেন ‘কাগজের নৌকা’ কবিতা।