প্রবাস মেলা ডেস্ক: প্রথমবারের মতো জুটি বাঁধলেন আসিফ ইমরোজ ও তানিন সুবাহ। ‘সিগন্যাল’ নামে নতুন সিনেমায় একসাথে দেখা যাবে এই জুটিকে। চলচ্চিত্রটি পরিচালনা করবেন নির্মাতা সায়মন তারিক। সোমবার সন্ধ্যায় বিএফডিসি’র জহির রায়হান কালার ল্যাবে হয়ে গেল নতুন এ ছবির মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, তারিক আনাম খান, হেলেনা জাহাঙ্গীরসহ অনেকে। নির্মাতা সায়মন তারিক জানান, টি.এস ক্রিয়েটিভ মিডিয়ার প্রথম সিনেমা ‘সিগন্যাল’। প্রযোজনায় আছেন তাছলিমা বেগম।
নতুন চলচ্চিত্র সম্পর্কে তানিন সুবহা বলেন টিএস ক্রিয়েটিভ মিডিয়ার প্রথম প্রয়াস ‘সিগন্যাল’। ছবিতে দর্শক ভিন্ন এক তানিন সুবহাকে খুজে পাবেন। খুবই চমৎকার একটি গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে। এমন একটি চরিত্রে প্রথম অভিনয় করবো। কাজটি আমার পক্ষে কিছুটা কষ্টের হলেও গল্পের প্রয়োজনে করবো। দর্শকের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবো।
নির্মাতা সূত্রে জানা যায়, চলতি মাসেই ছবিটির শ্যুটিং শুরু হবে।