ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভুয়া ভিসা, অবৈধ আর্থিক লেনদেন ও অসাধু দালাল চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সম্প্রতি এক ভিডিও বার্তায় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন প্রবাসীদের এ বিষয়ে সতর্ক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, অনেক প্রবাসী জাল বা ভুয়া কাগজপত্রকে আসল ভিসার কপি মনে করে মধ্যস্থতাকারী বা দালালদের হাতে বিপুল পরিমাণ অর্থ তুলে দিচ্ছেন। পরে প্রতারিত হয়ে প্রতিকারের আশায় দূতাবাসে আসছেন তাঁরা।
মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, প্রতারকরা কোনো নিয়ম-কানুন মেনে চলে না এবং প্রতারণার ঘটনায় তাদের বিরুদ্ধে দূতাবাসে জবাবদিহির সুযোগও থাকে না। অনেক প্রবাসী নিজেদের বৈধ আকামা বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সত্ত্বেও আত্মীয়-স্বজনকে লেবাননে আনার জন্য অবৈধভাবে অর্থ লেনদেন করছেন। পরে প্রতারণার শিকার হয়ে পুলিশের কাছে অভিযোগ করতে গেলে নিজেরাই বৈধ কাগজপত্র না থাকার কারণে আইনি জটিলতা ও গ্রেপ্তারের ঝুঁকিতে পড়তে পারেন।
দূতালয় প্রধান জানান, আর্থিক লেনদেন ও প্রতারণার মতো বিষয় স্থানীয় আইনে ফৌজদারি অপরাধের আওতাভুক্ত। এসব বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার স্থানীয় পুলিশ ও আদালতের। দূতাবাস সরাসরি এ ধরনের মামলার বিচার বা ব্যবস্থা নিতে পারে না।
তিনি আরও বলেন, অননুমোদিত ব্যক্তির সঙ্গে অবৈধ লেনদেনের ক্ষেত্রে অনেক সময় কোনো লিখিত বা দাপ্তরিক প্রমাণ থাকে না। ফলে পরবর্তীতে দূতাবাস বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেও অর্থ উদ্ধার কিংবা ক্ষতিপূরণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
প্রবাসীদের উদ্দেশে দূতাবাসের পরামর্শ, কারও কাছ থেকে ভিসার প্রস্তাব বা ভিসার কপি পাওয়ার পর কোনো ধরনের অর্থ লেনদেনের আগে বৈরুত বাংলাদেশ দূতাবাসে এসে ভিসার সত্যতা যাচাই করতে হবে।
এ ছাড়া আত্মীয়-স্বজন বা পরিচিতদের লেবাননে আনতে কোনো ব্যক্তি বা অননুমোদিত মধ্যস্থতাকারীর ওপর নির্ভর না করে বাংলাদেশ ও লেবানন সরকারের নিবন্ধিত বৈধ রিক্রুটিং এজেন্সি অথবা নিয়োগকর্তার (কফিল) মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, একজন প্রবাসী কর্মীর প্রধান দায়িত্ব হলো সততার সঙ্গে কাজ করা, বৈধভাবে উপার্জন করা এবং নিজেকে আইনগতভাবে নিরাপদ রাখা। অন্য কাউকে ভিসা করিয়ে দেওয়া বা বিদেশে আনার দায়িত্ব নিয়ে নিজের কষ্টার্জিত অর্থ ঝুঁকিতে না ফেলারও পরামর্শ দেওয়া হয়।
নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের প্রলোভনে না পড়ে আইনসম্মত ও নিয়মতান্ত্রিক উপায়ে সব ধরনের লেনদেন সম্পন্ন করার জন্য লেবাননপ্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, বৈরুত।