মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্ট সেবা কোনো ভিনদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে না দেওয়া এবং প্রবাসীদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বন্ধের দাবি জানিয়েছেন রিয়াদপ্রবাসী বাংলাদেশি সচেতন নাগরিকরা।
এ দাবিতে ৫ সেপ্টেম্বর, শনিবার রাতে রিয়াদের হোটেল রামাদায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশের ই-পাসপোর্ট কার্যক্রম বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার উদ্যোগের ফলে নাগরিকদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্যের নিরাপত্তা এবং দেশের ডিজিটাল সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়তে পারে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালেহ আহমেদ ভূঁইয়া। এ সময় সৌদি আরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও গণমাধ্যম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে দেশটির বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-পাসপোর্টের কার্যক্রম চলমান রয়েছে। এ অবস্থায় বিদেশি প্রতিষ্ঠানের হাতে পাসপোর্ট সেবা তুলে দেওয়া হলে প্রবাসীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
তাঁরা আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও ডেটার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। একটি দেশের নাগরিকদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য অত্যন্ত সংবেদনশীল। এসব তথ্য বিদেশি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে গেলে তথ্যের নিরাপত্তা ও ডিজিটাল সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, বিদেশি একটি প্রতিষ্ঠানকে পাসপোর্ট সেবার পাইলট প্রকল্প দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের আশঙ্কা, বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট সেবা পরিচালিত হলে তথ্যের নিরাপত্তা ও তথ্য পাচারের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে, পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার দাবিতে ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন বলে তাঁদের আশ্বস্ত করেছেন।
বক্তারা বলেন, প্রবাসীদের স্বার্থ ও দেশের নাগরিক তথ্যের নিরাপত্তা বিবেচনায় পাসপোর্ট সেবার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম দেশীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালনা করা উচিত। এতে দেশের কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দেশীয় সক্ষমতা বিকাশের সুযোগ তৈরি হবে বলেও তাঁরা মত দেন।
দেশের ভাবমূর্তি, নাগরিক তথ্যের নিরাপত্তা এবং প্রবাসীদের স্বার্থ বিবেচনায় নিয়ে পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান রিয়াদপ্রবাসী সচেতন নাগরিকরা।