প্রবাস মেলা ডেস্ক: এক বছর শান্তিভঙ্গ করে এমন কোনও কর্মকাণ্ডে সম্পৃক্ত না হওয়ার শর্তে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে মুক্তি দিয়েছেন দিল্লির একটি স্থানীয় আদালত। এর আগে শনিবার (১০ অক্টোবর) দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ থেকে নামার পরপরই তাদের আটক করা হয়। রোববার (১১ অক্টোবর) সকালে তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। খবর এনডিটিভির।
এদিন সকালে সিজেপির এই তিন নেতাকে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শনিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ঘোষিত বিক্ষোভ শুরুর আগেই তাদের আটক করা হয়।
এ ছাড়া ভারতের চার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী, এমপি, এমএলএ-সহ প্রায় তিন হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়। পরে অবশ্য তাদের সবাইকে গভীর রাতে ছেড়ে দেয়া হয়।
সিজেপির শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সেন্ট্রাল দিল্লির যন্তর মন্তরে সম্ভাব্য ‘বিশৃঙ্খলা’ এড়াতে রাজধানীর চারপাশে নজিরবিহীন নিরাপত্তাবলয় গড়ে তোলে পুলিশ। ফলে আন্দোলনকারীরা বাধ্য হয়ে পুরো শহরজুড়ে ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে শনিবার দিল্লির মেট্রো স্টেশন ও ট্রেন সেবা সম্পূর্ণরূপে বন্ধ রাখার প্রতিবাদে দায়ের করা আদালত অবমাননার পিটিশনের ওপর সুপ্রিম কোর্টের বিশেষ শুনানি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রোববার সকাল থেকে মেট্রো চলাচল শুরু হলেও প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আটককৃতদের থানায় নেয়ার জন্য কাছাকাছি পুলিশ বাসও প্রস্তুত রাখা হয়েছে।