প্রবাস মেলা ডেস্ক: চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি এবং বিশিষ্ট সংবাদকর্মী ও নাট্যব্যক্তিত্ব রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়কে সংবর্ধনা প্রদান করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার তাঁর হাতে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য ছিদ্দিকুর রহমান নয়ন, সাংবাদিক এস. জসিম উদ্দিনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম হৃদয় তাঁর রচিত গ্রন্থ ‘স্মৃতি সমাহার’ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন।
জাহাঙ্গীর আলম হৃদয়ের জন্ম ১৯৮১ সালের ১ জানুয়ারি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত। কবিতা, নাটক, প্রবন্ধ ও কলাম মিলিয়ে তাঁর পাঁচ শতাধিক লেখা জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক এবং সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
নাট্যকার হিসেবে তাঁর উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ওরা বেঈমান, প্রত্যাশা, আশার আলো, রূপকার ও রেলগাড়ি। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘অপরূপা নাট্যগোষ্ঠী’ এবং ২০১৪ সালে সৌদি আরবে প্রতিষ্ঠা করেন ‘বাংলাদেশ থিয়েটার, রিয়াদ’।
বর্তমানে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন এবং মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও পাক্ষিক প্রবাস মেলার সৌদি আরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
সাংবাদিকতা, নাট্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন।