প্রবাস মেলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মোতায়েন করা বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ৩৬ দিনের দীর্ঘ মিশন শেষে শনিবার (১৬ মে) যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে বলে জানিয়েছে পেন্টাগন। এই দীর্ঘ মোতায়েনকে ভিয়েতনাম যুদ্ধের পর মার্কিন কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সবচেয়ে দীর্ঘ অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদমাধ্যম আলআরাবিয়া ইংলিশ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভার্জিনিয়ার নরফোকে উপস্থিত থেকে রণতরীটির নাবিক ও সদস্যদের স্বাগত জানান। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ হিসেবে পরিচিত এই রণতরীর প্রত্যাবর্তনের তথ্য মার্কিন সামরিক বাহিনীও নিশ্চিত করেছে।
দীর্ঘ এ অভিযানের সময় ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অভিযানে অংশ নেয়। অভিযোগ থাকা মাদক পাচারকারী নৌযানে হামলা, নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাংকার আটকে দেওয়া এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক অভিযানের সঙ্গেও এটি জড়িত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে রণতরীটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়।
অভিযান চলাকালে গত ১২ মার্চ জাহাজটির একটি লন্ড্রি কক্ষে আগুন লাগে। এতে দুই নাবিক আহত হন এবং প্রায় ১০০টি শয্যা ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় মার্কিন সামরিক বাহিনী। সমুদ্রে অবস্থানকালে রণতরীটির টয়লেট ব্যবস্থায়ও বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।