মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: “ভালো কাজে আমাদের সাথেই থাকুন”—এই স্লোগানকে সামনে রেখে ১৬ মে শনিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল জোহারী সেমিনার কক্ষে প্রবাসী চাঁদপুর শাহরাস্তি ফোরামের সভাপতির পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের বর্তমান সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং প্রবাসী শাহরাস্তি ফোরামের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মো. মুনসুর আহমেদ, ছালেহ আহমেদ ভূঁইয়া, মো. জাকির হোসেন, মনির হোসেন পলাশ, কাজী নূর আলম, মো. আব্দুস সোবহান প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ঈদুল আজহা শেষে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বসবাসরত শাহরাস্তি উপজেলার প্রবাসীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রবাসের মাটিতে শাহরাস্তি উপজেলার কোনো প্রবাসী অসুস্থ কিংবা কর্মহীন অবস্থায় থাকলে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করলে ফোরামের সদস্যরা সম্মিলিতভাবে তাদের সার্বিক সহযোগিতা করবেন বলেও জানানো হয়। পাশাপাশি প্রবাসে বসবাসকালে প্রত্যেককে সৌদি সরকারের সকল আইনকানুন ও নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের কার্যক্রম শুরু হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয় বলেন, এ যাবৎ ফোরামের পক্ষ থেকে অসহায়, দুস্থ, কর্মহীনসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকেও অসুস্থ বেশ কয়েকজন শাহরাস্তি উপজেলা প্রবাসীকে সহযোগিতা করা হয়েছে। সংগঠনের সামর্থ্য অনুযায়ী আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।