রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: বাংলাদেশ দূতাবাস আম্মান, জর্ডানের নাম ও পরিচয় ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস কর্তৃপক্ষ। প্রতারকরা ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রবাসী কার্ডসহ বিভিন্ন সেবা দেওয়ার কথা বলে বাংলাদেশিদের কাছে ক্ষতিকর লিংক ও ফাইল পাঠাচ্ছে এবং বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে বলছে।
দূতাবাস জানিয়েছে, এসব লিংক বা ফাইল ক্লিক করলে কিংবা অ্যাপস ডাউনলোড করলে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া মোবাইলে ভাইরাস বা ম্যালওয়্যার স্থাপনের মাধ্যমে ব্যাংক হিসাব ও মোবাইল ওয়ালেট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।
এ অবস্থায় সকল প্রবাসী বাংলাদেশিকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। অপরিচিত নম্বর থেকে আসা কল, বার্তা, লিংক বা ফাইল খোলা এবং অজানা অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
দূতাবাস আরও জানায়, যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে সরাসরি বাংলাদেশ দূতাবাস, আম্মানের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে সেবা গ্রহণ কিংবা আর্থিক লেনদেন না করার জন্যও বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় ক্ষতির দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে।
দূতাবাসের সকল কর্মকর্তার যোগাযোগ নম্বর ও বিস্তারিত তথ্য দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটে উন্মুক্ত রয়েছে।