প্রবাস মেলা ডেস্ক: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়ায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০০৭ সাল থেকে সারা দেশে ধারাবাহিকভাবে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে ডিসিআই ও আরএসসি। এরই অংশ হিসেবে আয়োজিত এ ক্যাম্পের মূল লক্ষ্য ছিল দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে যাদের চোখের ছানি অপারেশন, ওষুধ বা চশমা সংগ্রহের সামর্থ্য নেই, তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট।
আয়োজকরা জানান, এ ক্যাম্পে মোট ৬৮৪ জন অসহায় রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী, ২৭ জন নেত্রনালী সমস্যায় আক্রান্ত এবং ৩১৯ জনকে চশমার জন্য সনাক্ত করা হয়। তাৎক্ষণিকভাবে ২৯৬ জনকে চশমা প্রদান করা হয়েছে। অবশিষ্ট রোগীদের আগামী ৭ মে ২০২৬ তারিখে আরএসসি এরিয়া অফিস, কালাইয়া বাজার থেকে চশমা প্রদান করা হবে।
এছাড়া ৩১৪ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। শনাক্তকৃত ছানি রোগীদের আগামী ২ মে ২০২৬ তারিখে বরিশালের ইস্পাহানী আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা। অতিথিরা দরিদ্র ও দুঃস্থ মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের ধন্যবাদ জানান।
ডিসিআই’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করা। আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা চিকিৎসা থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়ানো আমাদের আন্তরিক অঙ্গীকার। অন্ধত্ব দূরীকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”