মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের তুলুজ শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তুলুজ শহরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র, স্থিতিশীলতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য মোনাজাত করা হয়।
আব্দুর রহিম আকাশের পরিচালনায় এবং তুলুজ বিএনপির সিনিয়র নেতা আবুল কালাম সাহেবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব ফখরুল আকম সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা মোতালেব হোসেন ও জনাব ফারুক হোসেন। স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তুলুজ বিএনপির নেতা ফেরদৌস খান, ফরহাদ হোসেন, জাহেদুর রহমান, আতাউর রহমান সুনেল, নুরুল ইসলাম, লিকসন মিয়া, কামাল আহমেদ, ফকরুল ইসলাম, নাসির উদ্দীন, লিটন আহমেদ, সাজ্জাদ মিয়া, মাছুম আহমেদ ও জাকারিয়া প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবাসে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান জানান। পরে সবাই মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।