জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে লাইফ কেয়ার মেডিক্যাল কমপ্লেক্সের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
ডাক্তার নাজমুল হকের সভাপতিত্বে এবং এম এ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মামল কোম্পানির মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ আর ম্যানেজার মোহাম্মদ উজাইফা, সৌদি নাগরিক রাজে ওয়াকাফ আল মোতাইরী, মোঃ ইমরান হোসেন, মোঃ জামাল উদ্দিন ও মোঃ রুহুল আমিন। এছাড়া বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসীদের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হয়। এ সময় মা, মাটি ও মাতৃভূমিকে স্মরণ করে প্রবাসের মাটিতে বসে অনেকেই দেশাত্মবোধক গান পরিবেশন করেন, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষপর্বে সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।