ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন প্রতিনিধি: বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী রিয়াদুল ইসলাম ভূইয়া (রবিন) আবারও অর্জন করেছেন নতুন এক মাইলফলক। ধারাবাহিক মেধা, অধ্যবসায় ও একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে মেডিকেলে প্রথম হয়ে তিনি ভর্তি হয়েছেন শ্রীলঙ্কার অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান Kotelawala Defence University (KDU)-তে।
রিয়াদুল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত তার অসামান্য শিক্ষাগত অর্জনের জন্য। সম্প্রতি কেমব্রিজ A Level পরীক্ষায় তিনি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক পুরস্কার। Cambridge AS Level-এ কম্পিউটার সায়েন্স, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নে শ্রীলঙ্কায় অর্জন করেছেন শীর্ষস্থান।
এর আগেও O Level পরীক্ষায় Computer Science ও French-এ শ্রীলঙ্কায় সেরা হওয়ার সম্মান পান তিনি। Computer Science-এ বিশ্ব র্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে আসা ছিল তার জন্য আরেকটি বড় অর্জন। এসব সাফল্য রিয়াদুলকে আন্তর্জাতিক মানের একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করেছে।
এবার সেই যোগ্যতার পুনরায় প্রমাণ মিলেছে KDU-তে তার ভর্তির মাধ্যমে। শ্রীলঙ্কার অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান KDU বিশেষত মেডিসিন, ডিফেন্স স্টাডিজ ও প্রফেশনাল কোর্সের জন্য বিশ্বজুড়ে পরিচিত। সেখানে ভর্তির প্রতিযোগিতা অত্যন্ত কঠিন হলেও রিয়াদুল তার মেধা ও প্রোফাইলের ভিত্তিতে এ সুযোগ অর্জন করেছেন।
রিয়াদুলের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গভীর আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন—রিয়াদুলের নিষ্ঠা, পরিশ্রম, বিনয় এবং শিক্ষার প্রতি একাগ্রতা তাকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
মেডিকেল পেশাকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া রিয়াদুল ভবিষ্যতে একজন দক্ষ, মানবিক ও আন্তর্জাতিকমানের চিকিৎসক হতে চান। তার বর্তমান সাফল্য ইঙ্গিত দিচ্ছে—এই স্বপ্ন বাস্তবায়ন করা তার পক্ষে শুধু সম্ভবই নয়, সময়ের ব্যাপার মাত্র।