প্রবাস মেলা ডেস্ক: ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অফিসিয়ালভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, যিনি এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খান। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিসহ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং শেষাংশে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।
ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হওয়ায় দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হবে, যা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।