হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী ঝোহরান মামদানির প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে জীবন (Jamaica Integrated Bangladeshi Officers Network)-এর স্বেচ্ছাসেবীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এ আর রহমান মসজিদের সামনে সংগঠনের সভাপতি কারাম চৌধুরীসহ বোর্ড সদস্য, প্রতিষ্ঠাতা ও সাধারণ সদস্যরা প্রচারপত্র বিলি এবং ভোটার নিবন্ধনে সহায়তা করেন। এ সময় মামুন সরদার, মেহেদী মামুন, হক, ইসলাম, মাকিজ, রাসিক, ফারুকী, তৌফিক, আহসান, শেখ আমিন, আব্দুল্লাহ, আব্বাসসহ অনেকে অংশ নেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত মাস থেকেই তারা প্রতি সপ্তাহে এ ধরনের প্রচারণা চালিয়ে আসছেন এবং আসন্ন নির্বাচন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রচারপত্র বিতরণের পাশাপাশি ভোটার সচেতনতা ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে ‘জীবন’। প্রবীণ ভোটারদের জন্য বাসা থেকে ভোটকেন্দ্র পর্যন্ত বিনামূল্যে পরিবহন সেবা চালু করেছে তারা, যাতে বয়স্ক ও চলাফেরায় সীমাবদ্ধ নাগরিকরাও ভোট দিতে পারেন।
সভাপতি কারাম চৌধুরী বলেন, “এই ধরনের কার্যক্রম আমাদের ঐক্যবদ্ধ করে, নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করে এবং ভবিষ্যৎ গঠনে আমাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তোলে।”
আগামী নির্বাচন পর্যন্ত প্রতি সপ্তাহের প্রচারণা অব্যাহত রাখার মাধ্যমে ‘জীবন’ প্রমাণ করছে যে তারা শুধু কমিউনিটির পাশে নয়, বরং গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।