মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে বৃহস্পতিবার মধ্যরাতে এনটিভির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৩তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ উদ্যোগে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে রিয়াদের ২৮ নম্বর এক্সিটের আল পাখামা কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘উৎসবে আনন্দে ২২ বর্ষে প্রিয় এনটিভি’ শীর্ষক অনুষ্ঠানে ছিল ২২ কেজি ওজনের বিশাল কেক কাটা ও রিয়াদে এনটিভির নিয়মিত আয়োজন ‘প্রবাস বিনোদন’–এর পর্ব-২৬।
বরাবরের মতো এবারও আয়োজনে মিডিয়া পার্টনার ছিল—রিয়াদের বাথা সানসিটি মেডিকেল সেন্টার, সাকর ফিটনেস, আমিয়াল গ্রুপ, নিউ এশিয়ান রেস্টুরেন্ট, রিয়াদ ফুড হাউজ, অনলাইন পোর্টাল ‘জনপ্রিয় আলোচিত বার্তা’, ফয়সাল সিসিটিভি ও নোভা এন্টারপ্রাইজ।
প্রথম পর্বে প্রবাসের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কেক কাটা অনুষ্ঠান। প্রবাসী বিশিষ্টজনেরা এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দেশ ও জাতির পক্ষে কথা বলে এনটিভি আজ গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে।”
মোহনা টেলিভিশন, বাংলা টিভি, নিউজ ২৪, ডিবিসিসহ অন্যান্য স্যাটেলাইট চ্যানেল ও প্রিন্ট মিডিয়া পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে এনটিভিকে শুভেচ্ছা জানানো হয়।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আলী আহছান কিরন। সঞ্চালনায় ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাথা সানসিটি মেডিকেলের এমডি আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, এনটিভি দর্শক ফোরাম রিয়াদ মহানগরের সভাপতি ব্যবসায়ী স্বপন হাওলাদার, রাজনীতিবিদ হারুনুর রশীদ তালুকদার, ফয়সাল সিসিটিভির এমডি মোহাম্মদ ফয়সাল প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক আয়োজন পরিচালনা করেন সৌদি আরব বাংলাদেশ সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম হৃদয়। দেশ ও প্রবাসের শিল্পী তানিশা, ইসরাত, জাভেদ, মনিকা ও ইমন বাউল গান পরিবেশন করে পুরো অনুষ্ঠান মাতিয়ে তোলেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল নাচ, গান, কবিতা সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকরা জানান, আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
সমাপনী বক্তব্যে এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের (বাপ্রসাফ) সভাপতি ফারুক আহমেদ চান বলেন, “প্রবাসীদের আনন্দ-বিনোদন দিতে রিয়াদে নিয়মিত এনটিভির ‘প্রবাস বিনোদন’ অনুষ্ঠান চালিয়ে যাওয়া হবে।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রবাসী বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরাও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।