হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্ক সিটির ১১৩তম মেয়র নির্বাচনে নতুন মোড় নিয়েছে রাজনৈতিক সমীকরণ। ডেমোক্রেটিক প্রাইমারিতে অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানির কাছে পরাজিত হওয়ার পর, সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো থার্ড পার্টি তথা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। আগামী ৪ নভেম্বর, মঙ্গলবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদন অনুযায়ী, মামদানি এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী। যদি তিনি বিজয়ী হন, তাহলে নিউইয়র্ক সিটির নেতৃত্বে একজন চরম বামপন্থী নেতা আসীন হবেন—এমন আশঙ্কা অনেক মহলে বিরাজ করছে। এই বাস্তবতা এবং সমর্থকদের আহ্বানে কুমো নিজের প্রার্থীতা প্রত্যাহার না করে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুমো বলেন, “আমি দুঃখিত যে আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, তবে আমাদের সিটির জন্য লড়াই এখনো শেষ হয়নি।” তিনি আরও বলেন, “আমার দাদা বলতেন—তোমাকে যখন পরাস্ত করা হবে, তখন তা থেকে শিক্ষা নিয়ে আবার খেলায় ফিরতে হবে। আমি সেটাই করছি।”
সমর্থকদের উদ্দেশে এক খোলা চিঠিতে কুমো প্রতিশ্রুতি দেন, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত তিনি জনমতের দিকে লক্ষ্য রাখবেন। যদি দেখা যায়, র্যাঙ্ক-চয়েস ভোটিংয়ে তিনি মামদানির চেয়ে পিছিয়ে রয়েছেন, তবে নভেম্বরের নির্বাচনে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন। একইসঙ্গে তিনি অন্যান্য স্বতন্ত্র প্রার্থী—এরিক অ্যাডামস, কার্টিস সিলওয়া এবং জিম ওয়াল্ডেন—কেও একই সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবেন বলে জানান।
এই পরিকল্পনার প্রতি ইতোমধ্যে সমর্থন জানিয়েছেন সাবেক গভর্নর ডেভিড প্যাটারসন এবং স্বতন্ত্র প্রার্থী জিম ওয়াল্ডেন।
ডেমোক্রেটিক প্রাইমারিতে কুমো অনেক প্রভাবশালী ডেমোক্রেটের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। তাঁর পক্ষে প্রচারণার জন্য ২২ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছিল। যদিও ধারণা করা হচ্ছিল তিনি মামদানিকে হারাতে সক্ষম হবেন, শেষ পর্যন্ত তিনি ১২ শতাংশ পয়েন্টে পিছিয়ে পড়েন।
অন্যদিকে, কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি প্রথমদিকে তেমন পরিচিত ছিলেন না। তবে দুটি টেলিভিশন বিতর্কে তার পারফরম্যান্স এবং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক জোরালো প্রচারণার মাধ্যমে তিনি জনগণের হৃদয়ে জায়গা করে নেন। তার নীতিগুলো বিশেষ করে সাধারণ ও নিম্নবিত্ত জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সবশেষ জরিপে দেখা গেছে, মামদানি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে প্রায় ১৫ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে পরিচালিত ওই জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন অ্যান্ড্রু কুমো, তৃতীয় কার্টিস সিলওয়া, চতুর্থ এরিক অ্যাডামস এবং পঞ্চম স্থান পেয়েছেন জিম ওয়াল্ডেন।
ডেমোক্রেটদের একক আধিপত্যপূর্ণ নগরীতে প্রাইমারিতে জয়লাভের অর্থ প্রায় নিশ্চিত সাধারণ নির্বাচনী বিজয়। সে হিসেবে মামদানির সামনে জয়ের পথ অপেক্ষাকৃত সুগম হলেও, কুমোর স্বতন্ত্র লড়াই পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।