মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে “প্রবাসীদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”—এই স্লোগানে প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে রাজধানী রিয়াদে ইয়াসমিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন ও আব্দুর রাজ্জাক গাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলম, শরীফ হোসেন খান, আবুল হোসেন তালুকদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী দল বিএনপি স্বনির্ভর বাংলাদেশের ঘোড়ার রূপকার ছিলেন। বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে স্বনির্ভর বাংলাদেশ এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী থাকাকালীন সময় কাজ করেছেন। বর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বিএনপির ৩১ দফা এখন জনগণের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত হবে।
বক্তারা আরও বলেন, আমরা দেশের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে এই পরিবর্তনের যাত্রায় এগিয়ে যেতে চাই। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল নেতাকর্মীদের অন্যান্য দলের রাজনৈতিক চক্রান্ত থেকে সতর্ক থাকার এবং প্রবাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।