প্রবাস মেলা ডেস্ক: ‘দেশের বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর, তাই সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারে উদ্যোগ নেওয়া হবে’, বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য উপদেষ্টা। এর আগে সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন তিনি।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘দেশে হাসপাতাল আছে কিন্তু পরিচালনার লোকবল নাই। গ্রামে একজন চিকিৎসক বা তার পরিবারকে থাকার মতো নাগরিক সুবিধা দেওয়া নিশ্চিত করা যায় না। ফলে তারা গ্রামে সেবা দিতে চান না।’
তিনি বলেন, ‘আমরা যদি আমাদের জনগণকে কাজে লাগাতে পারি, পরিপূর্ণ করে তৈরি করতে পারি তাহলে সেবা খাতে দেশের চাহিদা মিটিয়ে আমরা জনশক্তি রপ্তানি করতে পারব। এখন বাইরের দেশে চিকিৎসক বা নার্সের প্রচুর চাহিদা রয়েছে।’
শিক্ষকদের সাথে মতবিনিময় ও হাসপাতাল পরিদর্শন শেষে রেড ক্রিসেন্ট রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা।