হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: এবিএম সালেহ উদ্দীন সাহিত্যাঙ্গনে এক সংস্কৃতিমনস্ক ও মুক্তমনা ব্যক্তিত্ব। তিনি কবি, সাহিত্য সমালোচক এবং দক্ষ কলাম লেখক। শৈশব থেকেই তাঁর লেখালেখির যাত্রা শুরু হয়। শিশুতোষ ছড়া ও গল্প দিয়ে হাতেখড়ি হলেও পরবর্তীতে তিনি গল্প, কবিতা, প্রবন্ধ-নিবন্ধ এবং আন্তর্জাতিক ফিচারধর্মী কলাম লেখায় পারদর্শী হয়ে ওঠেন।
তিনি প্রেম-বিরহ, রোমান্টিকতা, সভ্যতা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, দেশাত্মবোধ ও মানবতাবোধ নিয়ে লেখালেখি করেন। তাঁর সাহিত্যে দেশপ্রেম, স্বাধীনতা ও ঐতিহ্যবোধ প্রবলভাবে উজ্জ্বল হয়ে ওঠে। ছাত্রজীবনে তিনি বেশ কয়েকটি লিটল ম্যাগাজিন ও স্মরণিকা সম্পাদনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ‘অয়ন’, ‘অনির্বাণ’, ‘স্বদেশ’ ও ‘ঝংকার’।
এছাড়া তিনি নিউইয়র্কে দুই যুগের বেশি সময় ধরে প্রতিবছর অনুষ্ঠিত আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের অন্যতম উদ্যোক্তা এবং এ উপলক্ষে প্রকাশিত ‘সুর’ পত্রিকার সম্পাদক। সমকালীন বিষয় নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লিখছেন।
এবিএম সালেহ উদ্দীন ঢাকার ইনলাইটন প্রি-ক্যাডেট স্কুলের সাবেক চেয়ারম্যান ও অনন্য সংস্কৃতি সংসদের সহ-সভাপতি। তিনি দীর্ঘদিন ঢাকায় প্রকাশনা জগতে যুক্ত ছিলেন এবং ‘বাড পাবলিকেশন্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া ‘অংকন প্রিন্টিং প্রেস’ এবং ‘দি বাড কম্পিউটার্স’-এর পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি ‘দেশ মাতৃকা’ ও ‘দেশ অর্থনীতি’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক।
সাহিত্যের পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় এবিএম সালেহ উদ্দীন। তিনি ‘আন্জুমান মফিদুল ইসলাম’-এর জীবন সদস্য এবং ‘লায়ন ক্লাব ঢাকা ওয়েসিস’-এর সদস্য। যুক্তরাষ্ট্রের মূলধারার সংগঠনসহ নিউইয়র্ক প্রেসক্লাব, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন, বনলতা শিল্পী-সাহিত্যিক সাংবাদিক গোষ্ঠী, নজরুল একাডেমি ইউএসএ, এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে তিনি সম্পৃক্ত।
সাহিত্যের পাশাপাশি উপস্থাপনা শিল্পেও তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। নিউইয়র্কের ক্লাব সনমে অনুষ্ঠিত ‘একুশের কবিতা’, ‘বিজয়ের কবিতা’ এবং ‘স্বাধীনতার কবিতা’ উৎসবের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি।
এবিএম সালেহ উদ্দীন বিভিন্ন সময় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, তুরস্ক, লন্ডন, প্যারিস, রোম, পর্তুগাল, বেলজিয়াম, স্পেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ভ্রমণ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্মেলন যেমন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) বাংলাদেশ গ্লোবাল সামিট ২০১৬’, ‘কানেক্ট বাংলাদেশ সম্মেলন ২০১৮’ ও ‘কানেক্ট বাংলাদেশ সম্মেলন ২০১৯’-এ অংশগ্রহণ করেছেন।
আজ এবিএম সালেহ উদ্দীনের জন্মদিন। প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে কবিকে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।