জিতা লাহিড়ী, খড়দহ, পশ্চিমবঙ্গ থেকে: ১০ এপ্রিল ২০২৩ থেকে ১২ এপ্রিল ২০২৩ পর্যন্ত খড়দহ, উত্তর চব্বিশ পরগনায় পুণ্যানন্দ মুক্তমঞ্চে শত কন্ঠে শত কবি অনুষ্ঠিত হলো গীতিকার ও কবি শ্রী পরাশর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কবিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কবি সুরভী চট্টোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ৩ দিন ব্যাপী এই বিশাল কর্মযজ্ঞে সামিল ছিলাম আমরাও। ভাবনা বুনি মন জমিনে আমরাও তো চাষী এই মূল বক্তব্যের উপর ভিত্তি করে অনুষ্ঠানটি সংঘটিত হয়। অনুষ্ঠানে কবিদের স্বরচিত কবিতা পাঠ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয়েছিল কবিদের যথাযোগ্য সম্মাননা দেবার।

সমগ্র অনুষ্ঠানটি সুশৃংখলভাবে অনুষ্ঠিত হয় শ্রীপরাশর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায়। খড়দহ তথা পশ্চিমবঙ্গের সমস্ত কবিতা প্রেমী মানুষেরা একত্রিত হন শত কন্ঠে শত কবির আহ্বানে। আন্তরাষ্ট্রীয় মানের কবি সম্মেলন সংগঠিত হয়। অংশগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর বংশধর কবি জয়দীপ চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়ের বংশধর কবি রজত মোহন রায়, কবি কাকলি সেনগুপ্ত, কবি সুরভী চট্টোপাধ্যায়, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর বংশধর কবি অমিতাভ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি বিশিষ্টজনেরা। আগামী দিনগুলোয় আরো বৃহৎ ভাবে, আন্তর্জাতিক মানের কবি সম্মেলন রূপে আত্মপ্রকাশ করবে, আরো সুন্দরভাবে শতকন্ঠে শতকবি উদযাপিত হবে এই আশা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন কবি গীতিকার শ্রী পরাশর বন্দ্যোপাধ্যায়।