প্রবাস মেলা ডেস্ক: বৃহত্তর কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট আইনজীবী খন্দকার শামসুল আলম দুদু ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়াণ এই নেতার মৃত্যুর সংবাদ পেয়ে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে একনজর দেখার জন্য হাসপাতাল ও তাঁর হাউজিংস্থ বাসভবনে ভীড় করেন।
পরিবার ও দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বাদ আসর হাউজিং ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কুষ্টিয়া পৌর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
বর্ষীয়াণ নেতা এ্যাড. শামসুল আলম দুদুর মৃত্যুতে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. দুদুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় বলেন, এ্যাড. খন্দকার শামসুল আলম দুদু আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের একজন নিবেদিত প্রাণ সৈনিক ছিলেন। ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধের প্রতিটি অধ্যায় সহ বৃহত্তর কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধুর স্নেহধন্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম দুদু স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মুক্তিযোদ্ধা আইনজীবী হিসেবে আজীবন লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে। ছাত্রজীবন থেকে জীবনের শেষ মুহূর্তে তিনি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল।
এদিকে, শামসুল আলম দুদুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। বিবৃতি প্রদানকারীরা এ্যাড. শামসুল আলম দুদুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।