পাখিরা বিষাদে আঁখিরা প্রতিক্ষায়
নিদারুণ বিরহে তৃষ্ণার্ত চাতক
মাটি ফেটে চৌচির
লু হাওয়া দাবদাহ
ভূমিকম্পের শঙ্কায় অস্থির মন
আতঙ্কে দিগ্বিদিক
গণমাধ্যম কখন কী জানায় কে জানে!
পাতা ঝ’রে যায় ফুল ফল কাঁদে
খরা যেন ধরা নিলো নিঃশেষ করাতে
বেদনার অশ্রু বারবার ঝরাতে।
নদী নিরবধি বিল খাল হয়ে ওঠে
হাসিহারা চাঞ্চল্য নেই
বেলাশেষে আগুন খোঁজে না কেউ আর
অগ্নিময় জীবনের অসহ্য উত্তাপ
প্রতিবাদহীন ভাবলেশহীন
অথর্ব অবশ সময়
অনেক কিছুই অর্থহীন মনে হয়।
অসহিষ্ণু নিষ্ঠুর কিংবা কষ্টের মত
দুঃসহ শব্দে হিংস্র স্বরূপ দেখে
আমরা হাঁপিয়ে উঠি
প্রেম নেই ভালবাসা নেই নিরাশ কেউ কেউ
এরপর দুষিত জলবায়ু
তৃষ্ণার্ত চাতক
তবুও
চেয়ে থাকে আরাধ্য বৃষ্টির আশায়!
পুঁজির পাহাড় আছে মুনাফার মোহ আছে
পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আছে
বেকার আর বৈষম্যের বাগান আছে
সোনালী স্বপ্নের পাখিরা
বন্দী কুটিল খাঁচায় ছটফট করে
সমাধানের বৃষ্টি তবু আসে না
কিন্তু তবুও চাতক চেয়ে চেয়ে থাকে!
বৃষ্টিরও রাগ হয় ফেটে পড়ে ক্ষোভে
দুষিত জলবায়ু জলে জঞ্জাল
দুনিয়াময় চাতকের প্রাণ ত্রাহি ত্রাহি ভাব
আরাধ্য বৃষ্টি আর চাতকের লীলাখেলা
মায়াময়
পৃথিবীতে
আর কদ্দিন
আর কদ্দিন?
কষ্টেরকাঙ্গাল
বানায় যারা তারাও কী মানুষ?