প্রবাস মেলা ডেস্ক: আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে দুইজনকে পড়তে দেখা গেছে। ১৬ আগস্ট ২০২১, সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, প্রাণ বাঁচাতে বিমানের চাকায় আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা। সোমবার তেহরান টাইমস তাদের টুইটার পেজে কাবুল বিমানবন্দরের ওই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।
১৫ আগস্ট ২০২১, রবিবার দুপুরে তালেবান কাবুল দখল করলে আফগানিস্তানের রাজধানীর বিমানবন্দরে ভিড় বাড়তে শুরু করে। সোমবার দেশ ছাড়ার সময় কাবুল বিমানবন্দরে ভিড়ের মধ্যে অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফগানিস্তান দখলের পর থেকেই দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছেন আতঙ্কিত মানুষ। প্রাণ বাঁচাতে হুমড়ি খেয়ে পড়ছেন কাবুল বিমানবন্দরে। কে কার আগে বিমানে উঠবে শুরু হয় প্রাণপন সেই প্রতিযোগিতা। এ ঘটনায় হুড়োহুড়িতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের দেশত্যাগে কোনো ধরনের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৬০টির বেশি দেশ।
প্রাণে বাঁচতে যে যেভাবে পারছেন তল্পিতল্পা গুঁটিয়ে দেশত্যাগের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোঁড়ে মার্কিন সেনারা। এ সময় আতঙ্কিত সাধারণ মানুষ ছুটোছুটি শুরু করেন।
তবে অনেকেই দেশত্যাগে ব্যর্থ হয়ে বিমানবন্দর থেকে ফিরে যান অজানা গন্তব্যে। তালেবানের ক্ষমতা গ্রহণের পর উদ্বেগ আর অজানা আতঙ্ক গ্রাস করেছে সাধারণ আফগানদের।
তবে আফগানদের মৌলিক অধিকার নিশ্চিত হলে জঙ্গিগোষ্ঠীটিকে স্বীকৃতি দেয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, তালেবান যুদ্ধ শেষ করার ঘোষণা দিয়ে কোনো ধরনের রক্তপাত ছাড়াই ক্ষমতা গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনিসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। রক্তপাত এড়াতেই দেশ ত্যাগের দাবি করেন তারা।প্রেসিডেনশিয়াল প্যালেসের দখলও এখন তালেবানের হাতে। তবে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা গ্রহণ করতে চায় তালেবান। তারা ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেও, বিদেশি হস্তক্ষেপ রুখে দেয়ার হুমকি দিয়েছে তালেবান। জঙ্গি গোষ্ঠীটির শীর্ষ এক নেতা জানিয়েছেন, দেশটি এখন স্বাধীন হলেও চ্যালেঞ্জের শুরু মাত্র।