অসীম বিকাশ বড়ুয়া, দক্ষিণ কোরিয়া থেকে:কোরিয়াতে দেলোয়ার হোসেন এবং মেক্সিকোতে আবিদা ইসলামকে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার । ১ জুলাই, ২০২১ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আবিদা ইসলাম বর্তমানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে একইসঙ্গে কোস্টারিকা,ইকুয়েডর,গুয়েতেমালা ও হন্ডুরাসে দেশের স্বার্থ সংরক্ষণ করবেন। আবিদা ইসলাম এর আগে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কলকাতায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
এদিকে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্তি পেয়েছেন মোঃ দেলোয়ার হোসেন। ১৭ তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বর্তমানে মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি প্যারিস, ত্রিপোলি, থিম্পু ও বেইজিংয়ে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা দেলোয়ার হোসেন একজন প্রকৌশলী। তিনি প্যারিসের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে আন্তর্জাতিক সর্ম্পকের ওপরে ডিপ্লোমা করেছেন।