রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের মন্ত্রী পরিষদ কর্তৃক ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের প্রথম দিন আজ ১ জুলাই ২০২১ ইংরেজি বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রামের আনোয়ারায়ও সারা দেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন হাট-বাজার ও সড়কে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ টহল শুরু হয়েছে।
এসময়, সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ এর প্রথম দিন সকাল ১০ টায় উপজেলার চাতরী চৌমহনী বাজার, কাপকো সেন্টার, বন্দর মহালকান বাজার, কবিরের দোকান, রার্ডার অফিস ও বটতলী রুস্তম হাট, জয়কালী হাট, মালঘর বাজারসহ বিভিন্ন এলাকায় এ টহল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম দিদারুল ইসলাম সিকদার ও সেনা বাহিনীর ক্যাপ্টেন শোয়াইব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান, সরকার করোনা ভাইরাস রোধে মানুষের চলাচলে ‘বিধি-নিষেধ’ আরোপ করে ২১ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।দেয়া নির্দেশনা বাস্তবায়নে ও লোকজনকে শতর্ক করতে প্রমাসন কাজ করছে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ‘বিধিনিষেধের’ সময় বাড়ির বাইরে গেলেই গ্রেফতার করা হবে। তিনি আরো জানান, অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।