নিরব আহমেদ, গ্রিস থেকে: আল্লাহতাআলা তাঁর প্রিয়তম মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রত্যক্ষ সাক্ষাৎ প্রদানের মাধ্যমে সৃষ্টির নিকট স্বয়ং আল্লাহতাআলার প্রথম প্রত্যক্ষ প্রকাশের অতুলনীয় মহাউপলক্ষ, সমগ্র সৃষ্টির জন্য অসীম করুণার উৎস, মহাগৌরবময় মহান ঈদে মেরাজ শরীফ উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন, গ্রীস শাখার উদ্যোগে ভার্চুয়াল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সর্ব ইউরোপের সভাপতি ডক্টর আল্লামা প্রফেসর কাউসার আমিন এর সভাপতিত্বে এবং জসিম আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য শাখার সভাপতি নুরুল ইসলাম রাহাদ, গ্রিস শাখার আহ্বায়ক নিরব আহমেদ, শাহিন শাহজাদ, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, রাকিন সানি, রাকিব হোসাইন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্ব সুন্নি আন্দোলন এর প্রতিষ্ঠাতা সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমার দিক নির্দেশনায় বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলা ও তাঁর মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এ মহামিলন মানবজ্ঞানের অতীত অচিন্তনীয় এ প্রত্যক্ষ দর্শন সকল সৃষ্টি ও সমগ্র মানবমন্ডলী এবং বিশেষভাবে সকল মুমিনের জন্য অসীম রহমত, অবর্ণনীয় দান, অতুলনীয় গৌরব, অনন্ত খুশি ও সর্বোচ্চ শোকরিয়ার বিষয়।

তাঁরা বলেন, প্রাণাধিক প্রিয়নবীর এ প্রত্যক্ষ সাক্ষাত আমাদের সবারই পরোক্ষ সাক্ষাত এবং আমরা মুমিনগণ ও সমগ্র সৃষ্টি সবাই এ মহান মেরাজ শরীফে জড়িত এবং মহান মেরাজ শরীফের রহমত, বরকত ও আলোকধারায় যুক্ত। সত্য ও জীবনের উপলব্ধি এবং সকল মিথ্যা-মুর্খতা-আঁধার-বিপর্যয় থেকে সুরক্ষা ও মুক্তির জন্য অতুলনীয় অপরিহার্য্য এ মহান উপলক্ষের মহিমা ও তাৎপর্য্য উপলব্ধির জন্য ও এ মহান উপলক্ষের শোকরিয়া উদযাপনের বিষয় উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ২৬শে রজব রাষ্ট্রীয় ছুটি যেমন সহায়ক হবে তেমনি এ মহান উপলক্ষকে সম্মান প্রদর্শন করা হবে। তাঁরা বলেন, রাষ্ট্রীয় ছুটি না থাকায় দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আত্মার বন্ধন এ মহান উপলক্ষ উপেক্ষিত হচ্ছে এবং মেরাজ উদযাপনে যেমন সমস্যা হচ্ছে তেমনি ঈমানী অস্তিত্বের ধারক এ মহান উপলক্ষের অতিঅপরিহার্য্য তাৎপর্য বিলুপ্ত হয়ে জীবন ও দুনিয়া আঁধারে নিমজ্জিত হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, আমরা বিশ্ব সুন্নী আন্দোলন সকল পীর মাশায়েখ-ওলামায়ে কেরাম-শিক্ষাবিদ, সকল খানকাহ-মাদ্রাসা-দরবার এবং দুনিয়ার সকল মুমিন ভাইবোন ও আল্লাহতাআলাকে বিশ্বাসী সকল সত্যপ্রিয় মানুষের পক্ষ থেকে ঈমানী প্রাণের দাবী, পবিত্র মেরাজুন্নবী দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করার আহ্বান জানানো হয় বাংলাদেশ সরকারের প্রতি।