প্রবাস মেলা ডেস্ক: কথাসাহিত্যিক ও কবি নূর কামরুন নাহারের ৫০তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১০ মার্চ ২০২১, বুধবার ঢাকার পরিবাগস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। কবি কামরুজ্জামান এর সঞ্চালনায় চলমান অনুষ্ঠানের এক ফাঁকে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নূর কামরুন নাহার একজন বহুমাত্রিক মননশীল লেখিকা ও কবি। মানব মনের জটিল মনস্তত্ত্ব, জীবনের বিচিত্র বর্ণিল রূপ, সমাজ বাস্তবতা ও বিভঙ্গতা, শ্রেণি সংগ্রাম, বেঁচে থাকার অন্তর্লীন বেদনা ও অন্তর্গূঢ় রহস্য, নারী-পুরুষের বহুমাত্রিক-বহুবিচিত্র সম্পর্ক আর নিরন্তর সংগ্রামের মাঝে স্বপ্ন দেখা মানুষের গল্প তার লেখার প্রধান উপজীব্য। তার লেখায় বাস্তব জীবন আর চারপাশের মানুষ উঠে আসে অবিকৃত ও অবিকল শুদ্ধতায়। তার কলামগুলোতে নারী ক্ষমতায়ন, নারীর মানবিক জীবন, শিক্ষা, পরিবেশ এবং সাম্প্রতিক বিষয়গুলোর নিরীক্ষা এবং বিশ্লেষণ থাকে।

তাঁর প্রথম উপন্যাস জলরঙে আঁকা প্রকাশিত হয় ২০০৫ সালে। এরপর প্রকাশিত হয় উপন্যাস- একা (২০০৯), আলো (২০১০), বিকেলের চিল (২০১৩)। কলামগ্রন্থ- নারী ক্ষমতায়ন স্বপ্ন ও বাস্তবতা (২০১০)। গল্পগ্রন্থ- গুচ্ছগল্প (২০১১), শিস দেয়া রাত (২০১২), মৃত্যু ও একটি সকাল (২০১৪), বৃক্ষ ও প্রেমিকের গল্প (২০১৫), আজ রাতে বৃষ্টি হবে (২০১৮)। কবিতাগ্রন্থ- তোমার ভাগ চাই (২০০৭), জলের শরীর (২০১৬) প্রকাশিত হয়েছে। এছাড়াও ২০১৯ সালে দিল্লী থেকে তার গল্পের ইংরেজি অনূদিত বই A Death and A Morning এবং কানাডা থেকে Whistling Night প্রকাশিত হয়।

উল্লেখ্য, নূর কামরুন নাহারের জন্ম ১০ মার্চ ১৯৭১ সালে। তার পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। পিতা এ টি এম শরফুজ্জামান, মাতা মরহুম কানিজ নূরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে এম.এ ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি ডিপিডিসি’র ডিজিএম পদে কর্মরত আছেন।