সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: রামুর রশিদনগরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৩ নেতার উপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত বিতর্কিত ইউপি চেয়ারম্যান শাহ আলম সহ জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি ২০২১, মঙ্গলবার বিকালে রশিদনগর মামুন মিয়ার বাজারে ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার হাজারো জনতা।
সমাবেশে বক্তারা বলেন- রশিদনগরের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলার ৭২ ঘন্টা পার হলেও পুলিশ এখনো সন্ত্রাসীদের গ্রেফতার করতে পারেনি। উল্টো সন্ত্রাসীরা আহতদের স্বজনদের মামলা করায় হুমকি-ধমকি দিচ্ছে। অবিলম্বে হামলাকারি সন্ত্রাসীরা গ্রেফতার না হলে মানুষ আইনের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে। চেয়ারম্যান শাহ আলম বাহিনীর হাতে সাধারণ মানুষ দূরের কথা, সরকারি দলের নেতাকর্মীরা পর্যন্ত নির্মম নির্যাতনের শিকার হচ্ছে। এ চেয়ারম্যানের শাসনামলে এ ইউনিয়নটি অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এলাকার চিহ্নিত একাধিক ইয়াবা সিন্ডিকেট, প্রশানের দালাল, পাহাড় ও ভূমিদস্যুদের মাধ্যমে শাহ আলম পুরো ইউনিয়নকে নিজের পৈত্রিক সম্পদের মতো করে ভোগ দখল করে যাচ্ছে। চেয়ারম্যান ও তার বাহিনীর অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার সাধারণ জনতা এখন মিথ্যা মামলা এবং হামলার শিকার হচ্ছে।
বক্তারা বলেন- ছাত্রলীগের ত্যাগী নেতা নজিবুল ইসলাম, সাইফুল ইসলাম এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুল করিমকে হত্যাচেষ্টায় জড়িত রক্তখেকো শাহ আলম চেয়ারম্যান রশিদনগরের ইতিহাসে ঘৃণ্য ব্যক্তি হয়ে থাকবে। কেবল শাহ আলম নয়, যারা এ হামলায় নেতৃত্ব দিয়েছে তাদের কাউকে রশিদনগরের মানুষ ছাড় দেবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন- রশিদ নগর ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আহম্মদ হোসেন, সমাজসেবক আমির হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি এমদাদুল কাদেরী, আহত নজিবুল আলমের পিতা বাদশা মিয়া, রশিদ নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমান উল্লাহ আমান, ইব্রাহীম পাশা, তুষার প্রমূখ।
জানা গেছে, বিতর্কিত চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজিবুল আলম ও সহ সভাপতি সাইফুল ইসলামের অবস্থা এখনো সংকটাপন্ন। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ প্রতিবাদে হামলাকারি চেয়ারম্যান শাহ আলম সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তুরের জনতার বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২৩ জানুয়ারি ২০২১, শনিবার রাতে রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়ার বাজারে রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্য হামলায় গুরতর আহত হন রশিদনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নজিবুল আলম, সহ সভাপতি সাইফুল ইসলাম এবং ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মিজানুল করিম। এ ঘটনায় আহত নজিবুল আলমের ভাই শাহ আলম বাদি হয়ে রবিবার রামু থানায় মামলা (নং ২৭) দায়ের করেন। মামলায় রশিদনগর ইউপি চেয়ারম্যান শাহ আলম সহ ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।