শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: মানুষ মানুষেরই জন্য। মানুষের বিপদে মানুষই মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। মানুষই মানুষকে ভালোবাসে। ২০২০ সাল এক অভিশপ্ত বছর ছিল সারা বিশ্বের মানবজাতির জন্য। করোনা নামক এক অভিশাপে মানুষেরা ছিল ভীত। এই চরম কঠিন সময়ে, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের বুকে কিছু মানুষের মতো সহৃদয় মানুষ গড়ে তুলেছিলেন এক সংগঠন। যার নাম সোনারপুর লেখক শিল্পী সংঘ। যে সংগঠনের মূল ভিত হল সংস্কৃতি, প্রগতি ও মানবতা। মানুষ আজ মানবতাকে ভুলতে বসেছে। সেই মানবতার জয়গান সৃষ্টিলগ্ন থেকে এখন গেয়ে চলেছে সোনারপুর লেখক শিল্পী সংঘ।
এই সংঘ এখন আস্তে আস্তে চারাগাছ থেকে মহীরুহ হয়ে উঠতে চলেছে। এই সংঘের বিশেষ শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়ে গেল গত ২৪ জানুয়ারি ২০২১, রবিবার জগদীশপুর, সোনারপুরে। ছিমছাম সাজানো গোছানো সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই অনুষ্ঠান শুরু হয়েছিল সকাল ৯টায় আর শেষ হয় বিকাল ৫টায়।
অনুষ্ঠানের শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে। এরপরে কবিতা পাঠ, গান, আলোচনা, কমিটি গঠন, কর্মসূচী গ্রহণ সহ নানাভাবে অনুষ্ঠান হয়ে ওঠে মনোমুগ্ধকর। শ্রীমতী তনুজা চক্রবর্তীর মিষ্টি গলায় উদ্বোধনী সংগীত এই অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয়।
শ্রী প্রদীপ দত্তের গুরুগম্ভীর ভাষণ অনেক অজানা ইতিহাসকে তুলে ধরে। ক্ষুদে বাচিকশিল্পী দিশা মন্ডল ও দীপঙ্কারা দাশের মনমাতানো আবৃত্তিতে সবাই আনন্দে বিভোর হয়ে ওঠেন।
উক্ত অনুষ্ঠানে অণুগল্প পাঠ করেন লেখক বিপ্লব রায়। কবি কুমারেশ সরদার, কবি বটু কৃষ্ণ হালদার, কবি পথিক রায়, কবি সুশীল মন্ডল, কবি দীপক কুমার মৃধা, কবি কৃষ্ণ লাল মাইতি সহ অনেক কবির অপূর্ব কবিতা পাঠ এই অনুষ্ঠানের মাধুর্যকে বাড়িয়ে তোলে। অনুষ্ঠান দারুণভাবে সঞ্চালনা করেন বাংলা তথা ভারতের নামী সঞ্চালক শ্রী প্রীতম মজুমদার। সবশেষে বলি এক অসাধারণ অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য সোনারপুর লেখক শিল্পী সংঘকে জানাই অভিনন্দন। এভাবেই সোনারপুর লেখক শিল্পী সংঘ এগিয়ে চলুক দৃপ্ত ভঙ্গিতে।