প্রবাস মেলা ডেস্ক: সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের সঙ্গে এবার নিজের জন্মদিন পালন করার সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। পথশিশুদের একটি সংগঠনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে বছরব্যাপী পথশিশুদের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে নেন এ চিত্রনায়িকা। তাই আজ তার জন্মদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত সময়টা তাদের সঙ্গেই কাটাবেন বলে জানিয়েছেন তিনি। শাহনূর বলেন, ‘অনেকদিন ধরে আমি পথশিশুদের জন্য নানা ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি। জন্মদিনের বিশেষ একটি সময় তাদের সঙ্গে কাটাব আজ। নিজের মতো করে ছকে বাঁধা জীবনের বাইরে গিয়ে সময় কাটাব।’ এদিকে অভিনয় নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এরই মধ্যে তিনি শুটিং করেছেন রফিক শিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’ ছবির। বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করারও কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
যশোরের ক্যান্টমেন্টে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্ম এই নায়িকার। ১৯৯৫ সালে টেলিভিশন ম্যাগাজিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাহনূর। ২০০০ সালে জিল্লুর রহমানের পরিচালনায় তার প্রথম ছবি ‘জিদ্দি সন্তান’ দিয়ে বড় পর্দায় আগমন ঘটে এই নায়িকার। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
উল্লেখ্য, ২০০৫ সালে চিত্রনায়িকা শাহনূর ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ইন্দুবালা।