আ হ জুবেদ, কুয়েত: উৎসবমুখর পরিবেশ আর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে T-10 বিজয় দিবস কাপের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে।

২২টি ক্রিকেট দলের অংশগ্রহণে ২০১৯ এর ২৭ ডিসেম্বর শুরু হয়েছিল উক্ত টুর্নামেন্টটি, অবশেষে ফাইনাল খেলায় মুখোমুখি হয় মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব।
৭ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েতের উদ্যোগে অনুষ্ঠিত T-10 বিজয় দিবস কাপের ফাইনাল খেলায় আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন, কুয়েত দূতাবাসের ডিফেন্স এটাচে বিগ্রেডিয়ার জেনারেল আবু মূসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, স্থানীয় পৌরসভার জ্যেষ্ঠ কর্মকর্তা সাদ ছালেম আল-ক্লিনিস, আব্বাসিয়া থানার অফিসার ইনচার্জ বিগ্রেডিয়ার জেনারেল ইব্রাহিম আব্দুর রহমান আল-দাহি ও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন , কুয়েত এর উপদেষ্টা আজিজুর রহমান।
এছাড়াও কুয়েত প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, ক্রীড়া সংগঠক, স্থানীয় ও প্রবাসী বাংলাদেশী গণমাধ্যম কর্মীবৃন্দসহ সকল শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
এ ধরণের খেলাধুলার মাধ্যমে প্রবাসীরা একাধিক ইতিবাচক ফলাফল পাবেন, এ কথা উল্লেখ করে প্রধান অতিথি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, বন্ধু প্রতিম দেশ কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকরণেও এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, কুয়েতের স্থানীয় পৌর কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা এ ধরণের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন, কুয়েত এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন কুয়েত দূতাবাস ও প্রবাসীদের সহযোগিতায় সফলভাবে টুর্নামেন্টটির চূড়ান্ত পর্ব শেষ করতে পেরে নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন।
২২টি ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত T-10 বিজয় দিবস কাপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণী ম্যাচে মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব এর মধ্যকার ফাইনাল খেলায় মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্লাব রানার্স-আপ হয়েছে।
অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ নির্ধারণী ম্যাচে ওসমানি স্পোর্টিং ক্লাব তৃতীয় ও নোয়াখালি স্পোটিং ক্লাব চতুর্থ হয়েছে। ফাইনাল খেলায় অসাধারণ পারফর্মেন্স এর জন্য ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক শানওয়ার।