প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি প্রবাস মেলা অফিসে অতিথি হয়ে এসেছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। আলাপচারিতায় তিনি প্রবাস মেলা’র কলা-কুশীলদের বলেন, ‘প্রবাস মেলা পত্রিকার প্রকাশ প্রবাসীদের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে প্রবাসীদের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার দ্বার উন্মোচিত হয়েছে। আপনাদের এই মহতি উদ্যোগকে স্বাগত জানাই’। পরে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ ও মতিউর রহমান।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র সাবেক সহ-সভাপতি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাবেক সাধারণ সম্পাদক। ১৯৬৮ সালে তিনি ছাত্রলীগ এর আহ্বায়ক ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৮০ ‘র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন । এরপর ১৯৯১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ এ যোগ দিয়ে ২০০৭ সালে আলোচিত এক এগারো সরকারের সময় বাংলাদেশে আওয়ামীলিগ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে জাতীয় ঐক্যফ্রন্ট এর প্রথম সারির নেতা হিসেবে সক্রিয় আছেন। এছাড়াও তিনি রাজনৈতিক আলোচক হিসেবে মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেন।