শরীফ মো: মিজানুর রহমান, কুয়েত: প্রায় দুই মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তরুণ এক ডাক্তার। মাহতাব লিয়াকত নামে এক তরুণের জন্ম কুয়েতে, লেখাপড়াও শুরু কুয়েতে। সদ্য বাংলাদেশে এমবিবিএস সম্পন্ন করা এই তরুণ ডাক্তার ঢাকার আল মনোয়ার হাসপাতালে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। প্রায় ৩ মাস অসুস্থতাজনিত কারণে কুয়েতে ফেরেন ডাক্তার মাহতাব লিয়াকত।
কুয়েতে কেসিসিসি আল সাবাহ হাসপাতালে নভেম্বর ২০১৯ থেকে চিকিৎসা চলছিল তরুণ এই ডাক্তারের। কিন্তু চিকিৎসাধীন থাকা এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত ডাক্তার মাহতাবের শারীরিক অবস্থার কোনোভাবেই উন্নতি হচ্ছিল না। অবশেষে ২০ জানুয়ারি সোমবার কুয়েতের কেসিসিসি আল সাবাহ হাসপাতালে তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাহতাব লিয়াকতের অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, শোকে বিহ্বল নিহত মাহতাবের কুয়েত প্রবাসী পিতা আমিনুল মুন্সি, শশুর মোহাম্মদ মুসা ও স্ত্রী জানান, কুয়েত বাংলাদেশ কমিনিউনিটির যারা মাহতাবকে সুস্থ করে তুলতে রক্ত দিয়েছেন, তাঁদের প্রতি মাহতাবের শোকাহত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।
নিহতের শোকাহত পরিবার জানান, বর্তমানে মাহতাবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারা আরো জানান, বৃহস্পতিবার ২৩ জানুয়ারি ২০২০ আসরের নামাজের শেষে স্থানীয় সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে মাহতাবের প্রথম জানাজা শেষে ওই দিনই বাংলাদেশে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে।