প্রবাস মেলা ডেস্ক: এই সময়ের জনপ্রিয় নাট্যাভিনেত্রী রুনা খান বাংলাদেশ বেতারের নাটক ও অনুষ্ঠানে কাজ শুরু করেছেন। সম্প্রতি বাংলাদেশ বেতারের সাক্ষাৎকারভিত্তিক তিনটি অনুষ্ঠানের রেকর্ডিং করেছেন। তার অংশগ্রহণের মধ্য দিয়ে বন্ধ থাকা ‘সিনে রঙ’ অনুষ্ঠানটি আবার প্রচারে আসছে। এছাড়া বাংলাদেশ বেতারের দুটি জনপ্রিয় অনুষ্ঠান ‘ঘর সংসার’ এবং ‘প্রিয়মুখ’এও সাক্ষাৎকার দিয়ে বেতারে তার উপস্থিতির জানান দিলেন। পাশাপাশি বেতারের নাটকে অভিনয়ের জন্য এরইমধ্যে তিনি অডিশনও দিয়েছেন। এতে উত্তীর্ণ হলে বেতার নাটকেও নিয়মিত শোনা যাবে অভিনেত্রীর কণ্ঠ।
এ প্রসঙ্গে তিনি বলেন, বেতারে কাজ করার ইচ্ছা আমার অনেকদিনের। কিন্তু নাটক ও সিনেমায় ব্যস্ততার কারণে সময় বের করতে পারছিলাম না। এবার সুযোগ হলো, তাই কাজ করেছি। শিগগিরই হয়তো বেতার নাটকেও অভিনয় করবো। প্রথমবারের কাজের অভিজ্ঞতা ভালো। আশা করছি আমার করা অনুষ্ঠানগুলো শ্রোতাদের ভালো লাগবে।