ক.ম জামাল উদ্দীন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশি তৈরি পোশাকের বিভিন্ন বাহারী ডিজাইনের সমাহার নিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি তৈরি পোশাকের আমদানি কারক ‘দারিন’ শোরুমের ৩য় তম শাখার উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর জেদ্দার হারেস সাওয়ারিখের মদিনা মার্কেটে (সুক মদিনায়) এ শোরুমের শাখা খোলা হয়।
জেদ্দা চেম্বারস অব কমার্স এর সম্মানিত সদস্য সুলতান হামদ হাজ্জাজী ফিতা কেটে এ শোরুমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দারিনের পরিচালক মুহাম্মদ শওকত ইমরান ও মুহাম্মদ বোরহান উদ্দীন।

শওকত ইমরান বলেন, আমরা বাংলাদেশি তৈরি পোশাক আমদানি করে পুরো সৌদি সাপ্লাই করি। সৌদি আরবে ক্রেতাদের পছন্দের শীর্ষে এখন বাংলাদেশি তৈরি পোশাক। ভবিষ্যতে আমরা সৌদি আরবের অন্যান্য প্রদেশেও আমাদের ব্যবসা প্রসারিত করার জন্য প্রচেষ্টায় থাকব।
উল্লেখ্য, বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের রপ্তানি পণ্যের অন্যতম খাত তৈরি পোশাক। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮২ ভাগই আসে এ খাত থেকে। আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশের মত বাংলাদেশের তৈরি পোশাক জনপ্রিয় হয়ে উঠছে সৌদি আরবেও। আর এর পেছনে মূল অবদান রাখছেন সৌদি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
বাংলাদেশের তৈরি পোশাক সৌদি আরবে দেদার বিক্রি হচ্ছে । বাংলাদেশি পণ্যের দাম কম, আবার গুণগতমানও ভালো। বাংলাদেশের পণ্যের রং ও বৈচিত্র্য এককথায় অসাধারণ। এখানকার লোকজন দোকানে এসে বাংলাদেশের পোশাক খুঁজে।

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশি তৈরি পোশাকের প্রায় ২০০-৩০০ শোরুমের মধ্যে ‘দারিন’ অন্যতম। গুণগতমান, আরামদায়ক আর সাশ্রয়ী দামের জন্য সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত অভিবাসীদের কাছে বাংলাদেশের পণ্য খুবই জনপ্রিয়।