জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বার্কিং নির্বাচনী এলাকার সংসদ সদস্য নেসিল কালিস্কান (Nesil Caliskan) ৯ অক্টোবর শুক্রবার ড্যাগেনহাম সেন্ট্রাল মসজিদ পরিদর্শন করেন। এ উপলক্ষে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে এক নাগরিক সমাবেশ ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং মুসল্লিরা অংশ নেন।
স্থানীয় কাউন্সিলর মুহাম্মদ সেলিমের প্রাণবন্ত সঞ্চালনায় এবং ইমাম ফিরোজ আলমের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম অলিউর রহমান। পরে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান বিলাল আহমদ মসজিদের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সমাবেশে বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর ফিরোজ গনী, কাউন্সিলর ফারগুসন, কাউন্সিলর ফাইযা, বরো কমান্ডার বিজু প্রেমনাথ, ইন্সপেক্টর উইডেন এবং পুলিশ কমিউনিটি সাপোর্ট কর্মকর্তা উমাইয়া ফেরদাউসসহ অন্যরা।
মসজিদের মুসল্লিদের মধ্যে বক্তব্য দেন মেরিন ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন আলম, সিনিয়র সিটিজেন গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক আজীম উদ্দিন। তাঁরা মসজিদের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং স্থানীয় জনগণের জন্য এর ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
বক্তারা মসজিদের আসন্ন সম্প্রসারণ কার্যক্রমের কথা তুলে ধরে এ কাজে স্থানীয় সংসদ সদস্য ও কাউন্সিলের সার্বিক সহযোগিতা কামনা করেন। মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান বিলাল আহমদও এ বিষয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রত্যাশা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নেসিল কালিস্কান তাঁকে ঘিরে এমন সুন্দর আয়োজন করায় মসজিদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং স্থানীয় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ায় তিনি মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি ধর্ম, বর্ণ ও লিঙ্গনির্বিশেষে সবার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি অসামাজিক আচরণ ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
সবশেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের অংশগ্রহণে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।