মার্ক রায়, তুলুজ, ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সের তুলুজ শহরে প্রবাসী বাঙালি পরিবার ও ফরাসি বন্ধুদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে প্রেয়সী গমেজের ১৮তম জন্মদিন। তুলুজের স্বনামধন্য ব্যবসায়ী ও সংগঠক পঙ্কজ গমেজ এবং নিপা গমেজের মেয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তুলুজের বিভিন্ন পর্যায়ের প্রবাসী বাঙালির পাশাপাশি অংশ নেন অসংখ্য ফরাসি নাগরিক। দুই সংস্কৃতির মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়।
স্থানীয় একটি রেস্তোরাঁর হলরুমে দিনব্যাপী এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর থেকেই তুলুজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাঙালি এবং পরিবারের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, ইউরোপিয়ান বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মার্ক রায়, বাংলাদেশি প্রবাসী-খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিকি পি’রোজারিও এবং বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ক্যান্টন কস্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ নানা রঙের পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রেয়সীকে জন্মদিনের শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁর কলেজের অনেক ফরাসি বান্ধবীও এ আনন্দ আয়োজনে যোগ দিয়ে তাঁকে অভিনন্দন জানান। ফরাসি সংস্কৃতির সঙ্গে বাঙালির আন্তরিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।
অনুষ্ঠানে ছিল মধ্যাহ্নভোজ, আনন্দ-খুনসুটি, উপহার বিনিময়, কেক কাটা, আলোকচিত্র ধারণ এবং আশীর্বাদ প্রদানসহ নানা আয়োজন। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় ঘেরা এ উৎসবের আনন্দে কখন যে সন্ধ্যা নেমে আসে, তা যেন উপস্থিত অনেকেরই খেয়াল ছিল না।
ইউরোপীয় সমাজে ১৮ বছর বয়সে পদার্পণকে প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হয়। জীবনের এ পর্যায়ে নতুন স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্বের সূচনা ঘটে। প্রেয়সীর ১৮তম জন্মদিনও তাই কেবল একটি পারিবারিক উৎসবের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং তাঁর জীবনের নতুন অধ্যায়কে ঘিরে আনন্দ ও শুভকামনা প্রকাশের উপলক্ষ হয়ে উঠেছে।
প্রবাসজীবন মানেই শুধু কর্মব্যস্ততা ও জীবনসংগ্রাম নয়; প্রবাসের মাটিতেও গড়ে ওঠে ভালোবাসা, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন। ফ্রান্সের তুলুজে প্রেয়সী গমেজের জন্মদিনের এ আয়োজন যেন সেই সৌহার্দ্য ও সাংস্কৃতিক সম্প্রীতিরই এক উজ্জ্বল প্রতিচ্ছবি।